বিমানবন্দরে ৩ কেজি সোনা আটক
এক দিনের ব্যবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার সোনা আটকের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সৌদি আবর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কেজি ওজনের ২৫টি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।
আটক যাত্রীর নাম মো. খাইরুল নূর ইসলাম (৪১)। আটক সোনার বারের ওজন দুই কেজি ৯১৬ গ্রাম। শুল্ক কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আটক সোনার বাজারমূল্য এক কোটি ২৫ লাখ টাকা।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শামসুল আরেফিনের নেতৃত্বে একটি দল খাইরুলকে আটক করে।
শামসুল আরেফিন প্রথম আলোকে জানান, খাইরুলের ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। দুটি ব্যাগে সোনার বারগুলো রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল শুল্ক কর্তৃপক্ষকে জানান, সৌদি আরবে তাঁর এক বন্ধু ব্যাগ দুটি দিয়েছিলেন। তবে খাইরুলের দাবি, ব্যাগের ভেতর সোনার বার থাকার বিষয়টি তিনি জানতেন না।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গতকাল সোমবার শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় সোয়া চার কেজি সোনা উদ্ধার করা হয়।