বিমানবন্দরে ৪১৫টি কচ্ছপ আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে ৪১৫টি বিরল প্রজাতির কচ্ছপসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা বন বিভাগ ও কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার দিবাগত রাত তিনটায় কচ্ছপগুলো আটক করা হয়।বন বিভাগ জানায়, আটক কচ্ছপগুলোর মধ্যে রয়েছে ৩০০টি তারকা কচ্ছপ (স্টার টার্টল), ৯০টি শিলা কচ্ছপ ও ২৫টি কড়ি কাউট্টা প্রজাতির কচ্ছপ। আটক দুই ভারতীয় নাগরিক অভিজাত দাস ও জুলফিকার আলী হাসনাইন কচ্ছপগুলো থাইল্যান্ডের ব্যাংককে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উড়োজাহাজে ওঠার সময় তাঁদের আটক করা হয়। কচ্ছপগুলো তাঁরা দক্ষিণ ভারত থেকে এনেছেন বলে জানান।বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, কচ্ছপ ধরা, পরিবহন, বিক্রি ও রপ্তানি শাস্তিযোগ্য অপরাধ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচারের (আইইউসিএন) মতে, আটক কচ্ছপগুলো বিপন্নপ্রায় প্রাণীর তালিকাভুক্ত। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, উদ্ধার করা কচ্ছপের মধ্যে তারকা কচ্ছপগুলোকে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে, শিলা ও কড়ি কাউট্টা কচ্ছপগুলোকে ভাওয়াল জাতীয় উদ্যানের কচ্ছপ প্রজনন কেন্দ্রে পাঠানো হয়েছে।