বিমানবন্দরে ৪৫ হাজার ইউরোসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাচারের সময় গত মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ হাজার ইউরোসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিমানবন্দর থানায় এ নিয়ে মামলা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১০টার দিকে সিঙ্গাপুরগামী এসকিউ-৪৩৫ ফ্লাইটের যাত্রী খান আবদুুর রহমান বন্দরের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। এ সময় স্ক্যানিং মেশিন অপারেটর তাঁকে লাগেজ খুলতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশের এএসপি দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী তল্লাশি করার চেষ্টা করতেই তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই তাঁকে আটক করা হয়। তাঁর লাগেজে ডাকটিকিটের একটি অ্যালবামের ভেতরে চারটি সাদা খামের মধ্যে ৯০টি ৫০০ ইউরোর নোট পাওয়া যায়। এ ছাড়া দেহ তল্লাশি করে ১৪৬ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়। আটক বিদেশি মুদ্রার মূল্যমান আনুমানিক ৪৫ লাখ টাকা।উদ্ধার করা মুদ্রা বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার করা খান আবদুর রহমানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শাজাইলে।