বিমানবন্দরে ৫ ঘণ্টা পণ্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাতে সিঅ্যান্ডএফ এজেন্সির তিন কর্মচারীকে আটক প্রতিবাদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার পাঁচ ঘণ্টা ধর্মঘট পালন করেছে ঢাকা কাস্টম হাউস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা বিমানবন্দরের কার্গো গুদামের পাশে এয়ারফ্রেইট এলাকায় এই ধর্মঘট করে। এ কারণে সেখানে কোনো পণ্য খালাস হয়নি।
বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বিদেশ থেকে আসা পণ্য খালাস করে আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের। তবে বিমানের লোকবল কম থাকায় এত দিন সিঅ্যান্ডএফ এজেন্সিগুলোর কর্মচারীরা রানওয়ের পাশে এয়ারফ্রেইট থেকে তাঁদের পণ্যসামগ্রী খালাস করে নিয়ে যেতেন। একটি সিঅ্যান্ডএফ এজেন্সির একাধিক কর্মচারী রানওয়ের মতো সংরক্ষিত এলাকায় যাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে।
সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন) ও এপিবিএনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এয়ারফ্রেইটের ভেতরে সিঅ্যান্ডএফ এজেন্সির কর্মচারীদের না যেতে দিতে এপিবিএনকে নির্দেশ দেয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। কিন্তু তারপরও সেখানে যাওয়ায় বেশ কয়েকজন কর্মচারীকে আটক করে এপিবিএন। গতকাল বেলা ১১টার দিকে তিনটি সিঅ্যান্ডএফ এজেন্সির কর্মচারী আবু সালেক, আমিনুল ইসলাম ও আজিজুলকে আটক করে এপিবিএন। এর প্রতিবাদে বিমানবন্দরের কার্গো গুদাম এলাকায় মিছিল করে ধর্মঘট শুরু করেন ঢাকা কাস্টম হাউস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা।
ঢাকা কাস্টম হাউস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এম এম আসাদুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিমানে লোক কম থাকায় সিঅ্যান্ডএফ এজেন্সির কর্মচারীরা কার্ড নিয়ে পণ্য খালাস করতেন। কর্মচারীরা এই কাজ না করলে পণ্য পড়ে থাকত। কিন্তু হঠাৎ করে কর্মচারী আটক ও জরিমানা করে এপিবিএন। এমন হলে আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’
এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক (কার্গো) আহসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিমানবন্দরে এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আটক তিনজনের পণ্য খালাস করার বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা ভুয়া কার্ড ব্যবহার করে এয়ারফ্রেইটে ঢুকছিলেন। বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় এভাবে প্রবেশ করা যায় না। আমরা বিমান কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্সিগুলো ও সিভিল অ্যাভিয়েশনকে একাধিকবার বিষয়টি সুরাহা করতে বলেছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এয়ারফ্রেইটের দায়িত্বে থাকা ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, গতকাল পণ্য খালাস না হওয়ায় ১৪ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়নি। এপিবিএন আগে থেকে ঘোষণা দিয়ে নিরাপত্তার ব্যবস্থা নিলে এ অবস্থা হতো না।