বিমানবন্দরে ৫০ হাজার ডলারসহ নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় ৫০ হাজার মার্কিন ডলারসহ অ্যামবেসি নামের নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নাইজেরিয়ার নাগরিক গতকাল সকালে ঢাকায় এসে গুলশান-২-এ একটি আবাসিক হোটেলে ওঠেন। রাত ১০টায় তাঁর এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে দুবাই যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও শেষ করেন। কর্মকর্তা বলেন, সন্দেহ হলে শেষ মুহূর্তে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকায় অ্যামবেসির শরীর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫২ হাজার ৬০০ ডলার উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ সামছুদ্দিন চৌধুরী বলেন, নাইজেরিয়ার নাগরিককে ৫০ হাজার ডলারসহ আটকের বিষয়টি তিনি শুনেছেন। থানায় হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে মামলা নেওয়া হবে।