বিমানবন্দরে 'যাত্রী নিরাপত্তা ফি' আদায়ের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ফি আদায়ের কথা ভাবছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে উত্তরায় বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এ কথা বলেন।

সানাউল হক বলেন, পৃথিবীর প্রায় সব দেশ বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ফি নিয়ে থাকে। কেননা, এখানে যাত্রীদের নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এই ফি নেওয়া হতো না। তিনি বলেন, এ-সংক্রান্ত প্রস্তাব এখনো সরকারের কাছে দেওয়া হয়নি, তবে দেওয়া হবে।
চেয়ারম্যান বলেন, অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের কাজ চলছে। এ ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমোদনও পাওয়া গেছে। নিরাপত্তা ফি থেকে এই ফোর্সের সদস্যদের খরচ মেটানো যেতে পারে। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লোকবল তিন হাজার। এর মধ্যে নিরাপত্তাকর্মী আছেন ৯০০ জন। এখন লোকবল বাড়ানো হবে। সে ক্ষেত্রে নতুন করে ৫ হাজার ১১ জন লোক নিয়োগ হবে। এর মধ্যে নিরাপত্তাকর্মী নেওয়া হবে ১ হাজার ৭৩৫ জন।
সানাউল বলেন, বিমানের ঢাকা-যুক্তরাষ্ট্র ফ্লাইট চালুর কাজ এগোচ্ছে। তিনি দাবি করেন, নিরাপত্তা ফোর্স গঠনের কাজ শেষ হলে সোনা চোরাচালান বন্ধ হয়ে যাবে।