বিমানবন্দরের কাছে আগুনে পুড়ে গেল বিআরটিসির বাস
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সড়কে গতকাল বৃহস্পতিবার বিআরটিসির যাত্রীবাহী একটি আর্টিকুলেটেড (জোড়া লাগানো) বাস আগুন লেগে পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে সূত্রপাত হওয়া ওই আগুনে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরের কাছে সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) আর্টিকুলেটেড একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসের যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়েন। একপর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও কুর্মিটোলার চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় ওই সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ ও র্যাব সদস্যরা আশপাশে সতর্ক অবস্থান নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে বাসটি পুড়ে গেছে। পরে বেলা একটার দিকে ওই সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বাসটি ঢাকার মতিঝিল থেকে গাজীপুরে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।