বিমানবন্দরের কাজে লোনা বালু ব্যবহার বন্ধ না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের জন্য সমুদ্রের লোনা বালু দিয়ে নিচু জমি ভরাট করা হচ্ছে। এতে নির্মিতব্য রানওয়ের স্থায়িত্ব নিয়ে মারাত্মক শঙ্কা দেখা দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সমুদ্রের বালু আহরণ ও ব্যবহার বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল শনিবার কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কক্সবাজার জেলা শাখার নেতারা এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে জেলা জাসদের (ইনু) সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই মাস ধরে শহরের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত বাঁকখালী নদী ও সমুদ্রের মোহনা থেকে ড্রেজারের মাধ্যমে লোনা বালু আহরণ করছে। তারপর সেই বালু বিমানবন্দরের উত্তরাংশে নতুনভাবে রানওয়ে সম্প্রসারণের কাজে (নিচু জমি ভরাট) ব্যবহৃত হচ্ছে। এতে নির্মিতব্য রানওয়ের স্থায়িত্ব নিয়ে মারাত্মক উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে বালু আহরণ এবং ব্যবহার বন্ধ না হলে শহরের নাগরিকদের নিয়ে মাঠে নামবে জাসদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সম্প্রসারণের কাজে সমুদ্রের বালু ব্যবহৃত হচ্ছে বলে লোকজন অভিযোগ করছেন। কিন্তু এ ক্ষেত্রে তিনি কিছু করতে পারছেন না। বিমানবন্দরের কাজে সমুদ্রের বালু ব্যবহার করা যাবে কি যাবে না, তা নিয়ে মানুষের সন্দেহ দূর করা দরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সমুদ্রের লোনা বালু দিয়ে বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ হচ্ছে, এমন খবর তাঁর জানা নেই। তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন।
বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পরিচালক আমিনুল হাসিব বলেন, অনুমতি নিয়ে বাঁকখালী নদী ড্রেজিং করে লোনা বালু আহরণ করে বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভূমি উন্নয়ন (জমি ভরাট) করা হচ্ছে। রানওয়ের নির্মাণকাজে লোনা বালু ব্যবহার করা হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গত ১২ জানুয়ারি তিনি বাঁকখালী নদী পরিদর্শন করে একাধিক মেশিন বসিয়ে লোনা বালু উত্তোলনের দৃশ্য দেখতে পান। এরপর বালু উত্তোলন বন্ধ করতে তিনি বিমানবন্দরের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেন। কিন্তু এ পর্যন্ত বালু উত্তোলন বন্ধ হয়নি।
পরিবেশ অধিদপ্তরের নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল হাসিব বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ওই লোক (সরদার শরীফুল ইসলাম) ১০ বছর ধরে কক্সবাজারে পড়ে আছেন। তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে। কক্সবাজারের পাহাড় কেটে সাফ করা হলেও এ ব্যাপারে তাঁর গরজ নেই।’