বিমানবন্দরের কার্গো ভিলেজে এবার বড় ধরনের চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের দামি আমদানিপণ্য রাখার গুদামে বড় ধরনের চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে ৫ এপ্রিল কার্গো গুদামে আগুন লেগে প্রচুর আমদানিপণ্য পুড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ গুদামটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।বিমান সূত্র জানায়, বিমানবন্দর-সংলগ্ন আমদানি কার্গো গুদামের ভেতরে বিশেষ সংরক্ষিত গুদাম (স্ট্রং রুম) থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। গুদামে বিদেশ থেকে আমাদানি করা সোনা, হীরা, মূল্যবান ধাতু, রাসায়নিক দ্রব্য ইত্যাদি রাখা হয়। এ কারণে গুদামটি বিশেষ নিরাপত্তাব্যবস্থা-সংবলিত।বিমানবন্দরে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, ওই গুদামে বেশ কিছু হীরা ছিল, যেগুলো পাওয়া যাচ্ছে না। বিশেষ নিরাপত্তায় সেখানে গণনা (ইনভেন্ট্রি) চলছে।জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল প্রথম আলোকে বলেন, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন বিষয়টি তদন্ত করছে। বিমান কর্তৃপক্ষও বিষয়টি অনুসন্ধানের জন্য একটি কমিটি করেছে।বিমানের নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা বলেন, ওই স্ট্রং রুমের তিনটি তালা অক্ষত রয়েছে, কিন্তু ভেতর থেকে বেশ কিছু মালামাল গায়েব হয়ে গেছে। তিনি জানান, ওই গুদামে বিভিন্ন সময়ে আসা প্রচুর দামি মালামাল ছিল। এক বছর বা তারও বেশি সময় আগে আসা মালামালও রক্ষিত ছিল। এখন সেখান থেকে কী কী চুরি হয়েছে, তা জানতে আমদানিপণ্যের তালিকা ধরে হিসাব মেলানো হচ্ছে। গতকাল রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হিসাব-নিকাশই চলছিল।ওই কর্মকর্তা জানান, চুরির ঘটনা ধরা পড়ার পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। সিআইডির কর্মকর্তারা এসে গুদাম থেকে আঙুলের ছাপ নিয়ে গেছেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ শামসুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, চুরির ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ দেননি। তাঁরা চুরি হওয়া মালামালের হিসাব করছেন। হিসাব শেষ হলে থানায় মামলা করা হবে বলে পুলিশকে জানানো হয়েছে।