বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ছয় দেশের সহযোগিতার আশ্বাস
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা টেকসই করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ছয়টি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে এক বৈঠকে ছয়টি দেশের কূটনীতিকেরা এ আশ্বাস দেন বলে জানা গেছে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়ার কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে রাশেদ খান মেনন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী সুশীল কৈরালার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাঠমান্ডু যাওয়ায় তিনি থাকতে পারেননি।
আলোচনার বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা টেকসই করতে সাম্প্রতিক সময়ে নেওয়া সরকারের পদক্ষেপ সম্পর্কে কূটনীতিকদের জানিয়েছি। গত অক্টোবরে মিসরের শারম আল শেখে রাশিয়ার বিমানে বোমা বিস্ফোরণের পর পৃথিবীজুড়ে সতর্কতা নেওয়া হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এ জন্য বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন।’
মেনন বলেন, ‘আমাদের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ সুচারুভাবে বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা চেয়েছি। এ ব্যাপারে ছয়টি দেশের কূটনীতিকেরা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’
ওই বৈঠকে ছিল এমন একটি সূত্র জানায়, রাশেদ খান মেনন বিমানবন্দরের সদ্য গঠিত নিরাপত্তা বাহিনী অ্যাভসেকের (অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স) কার্যক্রম শুরু, কার্গো এলাকায় বাইরের লোকদের প্রবেশ নিষিদ্ধ, কার্গো রাখার জন্য নির্ধারিত ওয়্যার হাউস সংস্কার এবং নিরাপত্তার জন্য প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রপাতি কেনার উদ্যোগ সম্পর্কে কূটনৈতিকদের জানান। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের জন্য বাংলাদেশ গত মাসে একটি টেকসই পরিকল্পনা যুক্তরাজ্যকে দিয়েছে। কূটনীতিকেরা বলেছেন, এ বিষয়গুলো তাঁরা তাঁদের দেশকে অবহিত করবেন।
প্রসঙ্গত, মিসরে রাশিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্য ২০টি দেশের ৩৮ বিমানবন্দরকে তাদের নিরাপত্তা বাড়াতে বলেছে এবং ওই তালিকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।