বিমানবন্দরের নিরাপত্তা পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র । এসব পদক্ষেপের পর নিরাপত্তার গুণগত মান কতটা উন্নতি হয়েছে তা মূল্যায়নের জন্য সময় লাগবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে আলোচনায় এই মতামত দিয়েছে।
মার্কিন প্রতিনিধি দলটি বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সকালে তাঁর দপ্তরে আলোচনা করেন।
অ্যালান বার্সিন দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের কাছেও একই অবস্থান তুলে ধরেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়ল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় করেন। এ সময় সেখানে অ্যালান বার্সিনও উপস্থিত ছিলেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সকালে আলাদা আলাদাভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে দেখা করেন। ওই সময় তাঁরা বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার, সহিংস উগ্রবাদ দমন, বিমান বন্দরের নিরাপত্তা এবং এসব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে কথা বলেন।
‘জামায়াত সন্ত্রাসী দল তারা বুঝেছে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমি উত্থাপন করেছি একটা সময় জামায়াতে ইসলামী যে একটি জঙ্গি সংগঠন হিসেবে সেটি তাদের বোঝাতে আমাদের সময় লাগত। দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে। সেই সঙ্গে এখনো যে সব দল এবং সংগঠন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে মদদ দিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সেই কর্মকাণ্ডগুলো করতে গিয়ে তারা যেন না বোঝেন রাজনৈতিক দলগুলোকে বা তাদের কর্মকাণ্ডকে আমরা সংকুচিত করে দিচ্ছি। এই কর্মকাণ্ড জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমন, সেই সঙ্গে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিয়ে যে দলগুলো রাজনীতি করে এটার বিভাজন সৃষ্টি করা খুব কঠিন। এ বিষয়টি আমরা আলোচনা করেছি।’
প্রসঙ্গটি প্রতিমন্ত্রী কীভাবে তুলেছেন জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘অতীতে আমাদের কাছে মনে হয়েছে যে, তাদের বিষয়টি বোঝাতে অনেক বেগ পেতে হতো। তবে এখন এটা অনেকে ব্যাপকভাবে মেনে নিচ্ছেন যে.... আমি সেখানে উদাহরণ টেনেছি ইউরোপীয় পার্লামেন্টে জামায়াতকে নিষিদ্ধ করার জন্য দুই দুই বার স্বতঃপ্রণোদিতভাবে প্রস্তাব নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র না, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার এই উপলব্ধির কথা আমি তাদের ধরিয়ে দিয়েছি।’
আলোচনায় রাজনৈতিক দলের রাজনৈতিক দলের ক্ষেত্র নিশ্চিত করার ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা তো আলোচনার মধ্যেই এসেছে বিশেষ কোনো প্রশ্নের উত্তরে নয়, এটা আমি স্বতঃপ্রণোদিত হয়েই বলেছি। যখন রাজনীতি নিয়ে বা ডেমোক্রেটিক স্পেস নিয়ে কথা হয়, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ আবার রাজনীতির আড়ালে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ এর মাঝখানে একটা ফাইন লাইন ড্র করে সরকারকে কাজ করতে হয়, এটা শুধু বাংলাদেশে নয় যে একটা চ্যালেঞ্জিং কাজ পৃথিবীর সব দেশের জন্যই। ওই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলেছি আমাদের একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে তাদের স্পেসটুকু (কাজের ক্ষেত্রটুকু)। তারই উদাহরণ টেনে বলেছি, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হচ্ছে তাতে বিএনপি অংশ নিচ্ছে। শুধু তাই নয় তাদের যে দলীয় প্রতীক, সেটা নিয়েই তারা নির্বাচন করছে। যার সঙ্গে চূড়ান্তভাবে জাতীয় নির্বাচনের সম্পর্ক রয়েছে।’
সময়সীমা নির্ধারণ করে কর্মপরিকল্পনা: চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিমান বন্দরের নিরাপত্তা স্পর্শকাতর হয়ে ওঠায় প্রতিটি দেশ নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। ভৌগোলিক অবস্থান এবং সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই এখানকার বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে আর কেউ নিরাপত্তা সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে না পারে। এ জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সময়সীমা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
অ্যালান বার্সিনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পর মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকে ক্যাটাগরি-১ উন্নীত করতে প্রয়োজনীয় আইন ও জনবল নিয়োগের পদক্ষেপ হিসেবে সিভিল অ্যাভিয়েশন অ্যাক্ট-২০১৬ মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং সংসদের আগামী অধিবেশনে তা পাশ হবে। এ বিষয়টি মার্কিন প্রতিনিধি দলকে জানানো হয়েছে।