বিমানবন্দরের নিরাপত্তার পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপের পর নিরাপত্তার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা মূল্যায়নের জন্য সময় লাগবে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে আলোচনায় এই মতামত দিয়েছে। প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সকালে তার দপ্তরে আলোচনা করে।
অ্যালান বার্সিন দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের কাছেও একই অবস্থান তুলে ধরেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়ল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় অ্যালান বার্সিনও উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, অ্যালান বার্সিনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের আলোচনার মাধ্যমে একটি সময়সীমাভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করার সিদ্ধান্ত হয়েছে। কারণ, চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা স্পর্শকাতর হয়ে ওঠায় প্রতিটি দেশ নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। ভৌগোলিক অবস্থান এবং সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই এখানকার বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে আর কেউ নিরাপত্তা-সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে না পারে।
এ ছাড়া ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১-এ উন্নীত করতে প্রয়োজনীয় আইন ও জনবল নিয়োগের পদক্ষেপ হিসেবে সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৬ মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং সংসদের আগামী অধিবেশনে তা পাস করা হবে। এ বিষয়টি মার্কিন প্রতিনিধিদলকে জানানো হয়েছে।
মার্কিন আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সকালে আলাদাভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করেন। তাঁরা বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার, সহিংস উগ্রবাদ দমন, বিমানবন্দরের নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা নিয়ে কথা বলেন।