বিমানবন্দরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি ওয়ার্কিং গ্রুপ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী দুটি আলাদা ওয়ার্কিং গ্রুপ (যৌথ কর্মী দল) গঠন করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তায় একটি সমঝোতা স্মারক সইয়ের কথা বিবেচনা করা হচ্ছে।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তিনটি আলাদা বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
এর মধ্যে সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বিকেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। বিকেলে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি বৈঠক করেন। বৈঠকে দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় প্রস্তাব এসেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ওয়ার্কিং গ্রুপ গঠনের আগে বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগী অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা যেতে পারে।
বিমানের নিরাপত্তার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশকে নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে আমরা কী অর্জন করতে চাই, তা নিয়ে আলোচনা করে ঠিক করতে হবে, যাতে করে আমাদের উদ্যোগগুলো সাংঘর্ষিক না হয়। এখন কমিটি দুটি গঠন করা হবে পরবর্তী কাজ।’
মার্শা বার্নিকাট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত প্রস্তাবিত দুই ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে সকালে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে তাঁর দপ্তরে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ওই আলোচনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সইয়ের ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত পর্যালোচনা করা হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিমান পরিবহনের নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি নিরাপত্তার বিষয়গুলো আছে।