ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে গতকাল সোমবার সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় পাচারকারী সন্দেহে মনোয়ারুল হক (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ শুল্ক পরিশোধ করে আনতে পারেন।আর্মড পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে মনোয়ারুল বিমানবন্দরে নামেন। একপর্যায়ে তিনি ট্রলি ব্যাগ নিয়ে বিমানবন্দরের শৌচাগারে যান। গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএনের সাদা পোশাকের দুই সদস্য ওই শৌচাগারের দরজার সামনে যান। মনোয়ারুল বেশ কিছুক্ষণ পর শৌচাগার থেকে বের হলে ওই দুজনের একজন তাঁকে অনুসরণ করেন। অপরজন ওই শৌচাগারে ঢুকে ফ্ল্যাশট্যাংকের ঢাকনা সামান্য খোলা দেখেন। ঢাকনা উঠিয়ে তিনি ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো কিছু দেখতে পান। এরপর এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে ফ্ল্যাশট্যাংক থেকে পলিথিনে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। ছয়টি প্যাকেটে মোট ১১৭টি স্বর্ণের বার ছিল। এগুলোর ওজন ১৩ কেজি ৬০০ গ্রাম। পরে মনোয়ারুলকে আটক করা হয়। তাঁর ব্যাগে কিছু বৈদ্যুতিক সামগ্রীও পাওয়া গেছে।এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান বলেন, মনোয়ারুলের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রে দেখা গেছে, তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। সম্প্রতি তিনি খুব অল্প সময়ের জন্য পাঁচবার দুবাই ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। সর্বশেষ তিনি গত রোববার দুবাই যান এবং গতকাল ফেরেন।এপিবিএনের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারুল জানিয়েছেন, দেবু নামের এক ব্যক্তি এই স্বর্ণের মালিক। দুবাই থেকে ফেরদৌস নামের এক ব্যক্তি স্বর্ণের বারগুলো তাঁকে একটি গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা আজিজের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন। তাঁর পরিকল্পনা ছিল, শৌচাগার থেকে পরে সুযোগমতো স্বর্ণের বারগুলো সরিয়ে নেবেন।এপিবিএনের কর্মকর্তাদের সন্দেহ, বিমানবন্দরের ভেতরে কর্মরত কেউ মনোয়ারুলকে স্বর্ণগুলো নিরাপদে সরানোর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।