অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর থেকে অতি পুরোনো উড়োজাহাজ ডিসি-১০ বাদ দেওয়া হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এসব উড়োজাহাজ বহর থেকে বিদায় নেবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।তার আগে চলতি গ্রীষ্মকালীন ফ্লাইটসূচিতে নতুন প্রজন্মের আরও দুটি বোয়িং (৭৭৭-২০০/২০০ইআর) উড়োজাহাজ ভাড়ায় এনে বিমানবহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে দরপত্র (রিকোয়েস্ট ফর প্রপোজাল-আরএফপি) ডাকা হয়েছে। প্রসঙ্গত, সুপরিসর উড়োজাহাজ ডিসি-১০ দীর্ঘদিন বাংলাদেশ বিমানের দূরপাল্লার গন্তব্যের প্রধান ভরসা ছিল। কিন্তু প্রায় ৩০ বছরের পুরোনো এসব উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করতে বেশি জ্বালানি খরচ হওয়া ও যখন-তখন যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার কারণে ডিসি-১০ বেশ কয়েক বছর ধরে বিমানের জন্য বোঝা হয়ে দেখা দেয়।সর্বশেষ গত বুধবার রাতে ২২৩ জন যাত্রীসহ ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট নিয়ে আকাশে ওঠার পর সংশ্লিষ্ট ডিসি-১০ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ১৫ মিনিট পর উড়োজাহাজটি আবার ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে ওই ফ্লাইটের যাত্রীদের জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক প্রস্তুত রাখা (স্ট্যান্ডবাই) অপর একটি ডিসি-১০ দিয়ে চট্টগ্রাম পৌঁছানো হয়।বিকল হওয়া ওই উড়োজাহাজটি বিমানবহরে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তুলনামূলকভাবে কম পুরোনো অপর একটি ডিসি-১০কে এখন থেকে কেবল স্ট্যান্ডবাই উড়োজাহাজ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানবহরের চারটি ডিসি-১০-এর মধ্যে অপর দুটি রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশল হ্যাঙ্গারে পড়ে আছে। বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল বলেন, যাত্রীর নিরাপত্তা সবার ওপরে। তা বিবেচনা করেই এসব পুরোনো উড়োজাহাজ অপসারণ করা হবে এবং এ বিষয়ে কোনো আপসকামিতাকে প্রশ্রয় দেওয়া হবে না। বিমান পরিচালনা পর্ষদ তাই অধিকসংখ্যক বোয়িং ৭৭৭ ও অন্যান্য উড়োজাহাজ ভাড়া করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে।এর আগে দুটি এফ-২৮ উড়োজাহাজও একই কারণে বিমানের বহর থেকে বাদ দেওয়া হয়। ডিসি-১০ ছাড়া বর্তমানে বিমানবহরে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি এয়ারবাস-৩১০ ও দুটি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে। এর মধ্যে বোয়িং ৭৩৭ দুটি পাঁচ বছরের জন্য ভাড়ায় আনা আর বাকিগুলো নিজস্ব।কল সেন্টার চালু: ১৭ এপ্রিল বিমানের প্রশাসনিক ভবনে কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারে ফোন করে বাংলাদেশ থেকে ভ্রমণকারী বিমানের যাত্রী, ট্রাভেল এজেন্ট বা সংশ্লিষ্ট ব্যক্তিরা টিকিট বুকিং দিতে পারবেন, যা পরে বিমানের যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে নগদ টাকায় বা ক্রেডিট কার্ডে (ভিসা ও মাস্টারকার্ড) সংগ্রহ করতে হবে। এটা অনেকটা রিজার্ভেশন অফিসের মতোও কাজ করবে। এ ছাড়া আগের দেওয়া বুকিংয়ের সর্বশেষ অবস্থাসহ এ-সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে পারবেন। কল সেন্টারের ফোন নম্বর হলো ৮৯০১৩০৬ ও ৮৯০১৩৮৪। কল সেন্টার প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।কেভিন স্টিল বলেন, বিমানকে যাত্রীবান্ধব করার প্রাথমিক পদক্ষেপ এ কল সেন্টার স্থাপন। আগামী আরও বড় পরিসরের কল সেন্টার চালু করার লক্ষ্য রয়েছে, যাতে বিশ্বের যেকোনো দেশ থেকে টেলিফোনে বিমানের যাত্রী সেবা পেতে পারেন। জিএসএস বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এমডি: বিমানের এমডি কেভিন স্টিল গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে দেশ-বিদেশে বিমানের টিকিট বিক্রির জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ, বাতিল ও চুক্তি পুনর্মূল্যায়নসহ এ বিষয়ে সবকিছু তিনি নিজে দেখাশোনা করবেন। সম্প্রতি জিএসএ নিয়োগ নিয়ে কোনো কোনো সংবাদমাধ্যমে নানা খবরের পরিপ্রেক্ষিতে এমডি নিজে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিবৃতিতে বলা হয়।