বিমানবহরে আজ যুক্ত হচ্ছে আরও দুটি উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের বহরে আজ মঙ্গলবার আরও দুটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে। ফলে বিপর্যস্ত ফ্লাইটসূচি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান সূত্র জানায়, ভাড়া করা একটি বোয়িং-৭৬৭ আজ বহরে যোগ দেবে। পাশাপাশি ইঞ্জিনের অভাবে দীর্ঘদিন বসে থাকা বিমানের নিজস্ব একটি ডিসি-১০ উড়োজাহাজও উড্ডয়ন উপযোগী হয়েছে। সেটিও আজ থেকে ফ্লাইট পরিচালনায় যুক্ত হচ্ছে। এ ছাড়া বছর খানেক সিঙ্গাপুরে আটকে থাকা বিমানের নিজস্ব একটি এয়ারবাস ৩০ সেপ্টেম্বর ঢাকা আসছে। এটি বিমানবহরে যুক্ত হলে ফ্লাইটসূচি আরও নিয়মিত করা যাবে বলে কর্মকর্তারা জানান। নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ আগে বিমানের ভাড়া করা একটি উড়োজাহাজ গত ১৩ সেপ্টেম্বর চলে যায়। এর পরদিন থেকে বিমানের সব গন্তব্যের ফ্লাইটসূটি বিপর্যস্ত হয়ে পড়ে। এতে প্রায় পাঁচ হাজার যাত্রী ভোগান্তির মধ্যে পড়ে। পরিস্থতি কিছুটা উন্নতি হলেও গতকাল পর্যন্ত ফ্লাইটসূচি স্বাভাবিক হয়নি। তবে বিমানের হজ ফ্লাইটে কোনো সমস্যা হয়নি। গতকাল পর্যন্ত বিমান, সৌদিয়া ও নাস এয়ারে ঢাকা থেকে ১৬ হাজার ৮৭৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমানে গেছেন ১৪ হাজার হজযাত্রী।গতকাল বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিমানের প্রধান কার্যালয়ে হজ-কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনাবিষয়ক সভায় এ বিষয়ে খোঁজখবর নেন। চট্টগ্রাম থেকে আটটি হজ ফ্লাইট ছাড়বে: বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের এই সভায় চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট তিনটি বাড়িয়ে মোট আটটি করার নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী। একই সঙ্গে সিলেট থেকেও সরাসরি কিছু হজ ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দেন তিনি। আগামী ১ অক্টোবর চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ছাড়া হবে। সভায় বিমানের হজ ফ্লাইট পরিচালনায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি তৃতীয় কোনো বিমান সংস্থার (থার্ড ক্যারিয়ার) মাধ্যমে হজযাত্রী পরিবহনের সম্ভাবনা নাকচ করে দেন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ১৩ হাজার ব্যক্তি হজে যাওয়ার কথা রয়েছে। এর অর্ধেক যাবেন বাংলাদেশ বিমানে এবং বাকি অর্ধেক যাবেন সৌদিয়া ও সৌদি আরবের নাস এয়ারে।