
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফোর্সেস গোল, ২০৩০’-এর আলোকে সরকার বিমানবাহিনীকে একটি যুগোপযোগী ও চৌকস বাহিনীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গতকাল শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
আরও আধুনিকায়নের মাধ্যমে বিমানবাহিনীকে সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর করতে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিমানবাহিনীর উন্নয়ন ও এর সদস্যদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী¯উদ্যাপনের আগেই আমরা বিমানবাহিনীকে আরও আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, বিমানবাহিনী দেশপ্রেম ও পেশাগত দক্ষতার মাধ্যমে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সম্মান, সুনাম ও গৌরব সমুন্নত রাখবে।
স্বাধীনতার পর দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলসহ সমুদ্রসীমার সার্বিক নিরাপত্তার প্রয়োজনে চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হক স্থাপিত হয়। গতকাল ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ সায়েদুর রহমান কুচকাওয়াজ পরিচালনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারি এবং ঘাঁটির কমান্ডিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার কক্সবাজারে একটি বিমান ঘাঁটি স্থাপন করেছে। বিমানবাহিনীর জন্য এই ঘাঁটিতেই প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পদ্ধতি সংযোজন করা হয়েছে। এ ছাড়া বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ‘বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্ধার ও নিরাপত্তা পরিচালনার জন্য দুটি অত্যাধুনিক মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার অড-১৩৯ শিগগির বিমানবাহিনীতে সংযোজন করা হবে, যা এই ঘাঁটি থেকে পরিচালিত হবে।
সরকার বিমানবাহিনীর শিক্ষানবিশ বৈমানিক ও অন্যান্য শিক্ষানবিশ কর্মকর্তার গবেষণা ও উন্নত প্রশিক্ষণের জন্য বিমানবাহিনী একাডেমি, যশোরে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হচ্ছে। বিমানবাহিনীতে নতুন নতুন ইউনিট স্থাপনের ফলে জনবল বৃদ্ধি পাচ্ছে। এতে পদোন্নতির পথ সুগম হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বৈমানিকদের অভিজ্ঞতা ও দক্ষতা কার্যকরভাবে দেশের কাজে লাগানোর জন্য তাঁদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া পদবির সঙ্গে সংগতি রেখে বিমানসেনাদের চাকরির মেয়াদও পুনর্নির্ধারণ করা হয়েছে।