বিমানবাহিনীকে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএএফএ–এর অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএএফএ–এর অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করে একটি শক্তিশালী ও দক্ষ বাহিনী গড়ে তোলা হবে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) ফ্লাইট ক্যাডেট কোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে (বিএএফএ) এই অনুষ্ঠান হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার পাঁচটি নতুন এমআই-১৭১ হেলিকপ্টার, নয়টি বেসিক ট্রেনিং এয়ারক্রাফট, তিনটি ট্রান্সপোর্ট ট্রেনিং এয়ারক্রাফট, দুটি মেরিটাইম সার্স অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার ও ১৬টি কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফট কেনার চুক্তি করেছে। তিনি বলেন, শিগগিরই এসব হেলিকপ্টার ও এয়ারক্রাফট বিমানবাহিনীতে যুক্ত হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। তিনি অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেটদের মধ্যে ট্রফি, সনদপত্র ও ফ্লাইং ব্যাচ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বিএএফএ এসে পৌঁছালে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও বিএএফ একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর এম সাঈদ হোসেন তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কয়েকজন মন্ত্রী, সাংসদ, নৌবাহিনীর প্রধান, কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ বিমানবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেশের কষ্টার্জিত স্বাধীনতার নিরাপত্তার জন্য তাঁদের সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান জানান।
গতকালের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে মোট ৪২ জন ফ্লাইট ক্যাডেট অংশ নেন। এদের মধ্যে ছয়জন নারী ক্যাডেটও রয়েছেন।
ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার ধ্রুব সরকার সোর্ড অব অনার এবং কমান্ড্যান্ট ট্রফি পান। ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট সঞ্জিত তরফদার চিফ অব এয়ার স্টাফ পান। ফ্লাইট ক্যাডেট মো. ইশতিয়াক নাফিজ চৌধুরী ফ্লাইং একাডেমিতে সেরা পারফরমেন্সের জন্য লাভ করেন ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’।