বিমানবাহিনীতে চাকরি পাচ্ছেন ভ্যানচালক ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ভ্যানচালক ইমাম শেখকে চাকরি দেওয়ার জন্য যশোর বিমানঘাঁটিতে নিয়ে যান বিমানবাহিনীর প্রতিনিধিরা l ছবি: প্রথম আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ভ্যানচালক ইমাম শেখকে চাকরি দেওয়ার জন্য যশোর বিমানঘাঁটিতে নিয়ে যান বিমানবাহিনীর প্রতিনিধিরা l ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে যে ভ্যানে করে গ্রাম ঘুরেছেন, সেই ভ্যানের চালক ইমাম শেখকে বিমানবাহিনীতে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাঁকে যশোরের বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নেওয়া হয়েছে গতকাল রোববার।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিমানবাহিনীতে চাকরি দেওয়ার জন্যই এ উদ্যোগ।

ইমাম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাবা বর্গাচাষি ছিলেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের ভরণপোষণের জন্য তিন বছর ধরে ভ্যান চালাচ্ছেন ইমাম। বিমানবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যাওয়ার সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘বিমানবাহিনীর লোকজন আমাকে যশোর নিয়ে যাচ্ছেন। শুনেছি, আমাকে চাকরি দেওয়া হবে।’

গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ইমাম শেখকে নিয়ে গোপালগঞ্জ থেকে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে যান স্কোয়াড্রন লিডার হারুন-উর-রশিদ ও সহকারী স্কোয়াড্রন লিডার দেলোয়ার হুসাইন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘আমরা জানতে পেরেছি ইমামকে বিমানবাহিনীতে চাকরি দেওয়া হবে। ওর যোগ্যতা অনুযায়ী পরবর্তীতে পদমর্যাদা নির্ধারণ করা হবে।’

গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে রিকশাভ্যানে চড়ে বেড়ান প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন নিজের গ্রামের প্রকৃতি। কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে, খোঁজখবর নিলেন তাঁদের।