বিমানবাহিনীপ্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে
নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ রোববার সকালে নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে এ তথ্য জানান।
ইমরুল কায়েস জানান, র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। তিনি তাঁর সাফল্য কামনা করেন। বিমানবাহিনীপ্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।
বিদায়ী বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন শেখ আব্দুল হান্নান। মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১২ জুন অবসরে যান। তিন বছরের জন্য শেখ আব্দুল হান্নানকে বিমানবাহিনীপ্রধানের পদে নিয়োগ দেওয়া হয়েছে।