বিমানবাহিনীর আধুনিকায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে সুসজ্জিত, শক্তিশালী ও দক্ষ বাহিনীতে পরিণত করতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে বিমান বাহিনীকে আধুনিকায়নে তাঁর সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।
প্রধানমন্ত্রী আজ বুধবার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানবাহিনী ঘাঁটিতে সদ্য ক্রয় করা কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠানের ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এই নতুন এয়ারক্রাফটের অন্তর্ভুক্তি বিমানবাহিনীর সক্ষমতা বিশ্বমানে উন্নীত করবে এবং একই সঙ্গে এই বাহিনীকে নিরাপদ ও গতিশীল করবে। নতুন প্রজন্মে কারিগরি যন্ত্রপাতি ও উন্নত ব্যবস্থাপনা বিমানবাহিনীর দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে। তিনি বলেন, শিগগিরই বিমানবাহিনী অত্যাধুনিক এমআই-১৭১ হেলিকপ্টার, পিটি-৬ এয়ারক্রাফট, এলইটি-৪১০ এয়ারক্রাফট, এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার এবং ওয়াইএকে-১৩০ এয়ারক্রাফট পাবে।
প্রধানমন্ত্রী এই অন্তর্ভুক্তিকরণ আদেশ আনুষ্ঠানিকভাবে প্যারেড কমান্ডার উইং কমান্ডার শরীফ মোস্তফার কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে চৌকস কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন গ্রহণ করেন। কুচকাওয়াজের পর তিনি নতুন অভিষিক্ত কে-৮ডব্লিউ এয়ারক্রাফটের বর্ণাঢ্য উড্ডয়ন দেখেন।
প্রধানমন্ত্রী বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছলে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী এবং এ ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডর এম ওবায়দুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাষ্ট্রদূত, নৌবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কে-৮ ডব্লিউ হচ্ছে বুনিয়াদী ও অগ্রসরমাণ জেড প্রশিক্ষণের জন্য চীনের তৈরি একটি প্রশিক্ষণ বিমান।
প্রধানমন্ত্রী দেশের আকাশসীমা রক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের সাম্প্রতিক সমুদ্র বিজয় এবং সমুদ্র সম্পদ রক্ষায় বিমানবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাসস