বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত চার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া লোকদের কাছ থেকে বিজিবিতে চাকরির ৬৫টি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবদুল কুদ্দুছ (৪৬) ও শাহ আলম (৪২), অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শফিকুর রহমান ও মো. আকতার হোসেন (৫৫)। অন্য দুজন হলেন, পিলখানায় কর্মরত বিজিবির সিপাহি আবদুল করিম (২৭) ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আয়া হোসনে আরা (৩৬)। র্যাব-১-এর মেজর মোস্তাক আহমেদ জানান, কিছুদিন আগে বিজিবির শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এ পদে চাকরি দেওয়ার কথা বলে একটি চক্র ৬৬ জনের কাছ থেকে এক কোটি টাকার বেশি আদায় করে। বিনিময়ে তাঁদের ভুয়া নিয়োগপত্র দেয়। তবে চাকরিপ্রার্থীরা এর কিছুই বুঝতে পারেননি। নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করার জন্য বান্দরবানের বায়তুল ইজ্জতে যাওয়ার পর তাঁরা জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। পরে প্রতারিত ব্যক্তিরা র্যাব-১-এর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তাঁরা রাজধানীর নিউমার্কেট থানায় একটি মামলাও করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের নিউমার্কেট থানায় সোপর্দ করা হয়। মোস্তাক আহমেদ আরও জানান, গ্রেপ্তার হওয়া আবদুল কুদ্দুছ, শাহ আলম, শফিকুর ও আকতার নিজেদের মেজর এবং আবদুল করিম চিকিৎসা কর্মকর্তা বলে পরিচয় দিতেন। আবদুল কুদ্দুছ নিজেকে ‘মেজর ফিরোজ’ বলে পরিচয় দিতেন। তাঁদের সহযোগী আবদুল করিম চাকরিপ্রার্থীদের পিলখানায় নিয়ে চিকিৎসাপত্র দিতেন। তিনি জানান, শফিকুর রহমানকে ২০১০ সালে অক্টোবর মাসে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তিনি নিজকে মেজর আবদুর রহমান পরিচয় দিয়েছিলেন। পরে তিনি জামিনে বের হয়ে আসেন।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ২০০৮ সাল থেকে এ চক্রটি এ ধরনের প্রতারণা করে আসছে। তাঁদের প্রতারণা এতই নিখুঁত যে তা ধরারও কোনো উপায় ছিল না। কোনো প্রার্থী তাঁর নিয়োগপত্র ভুয়া জানার পর প্রতারকেরা তাঁর বাড়িতে চিঠি পাঠাতেন। চিঠিতে বলা হতো, ‘আপনি প্রতারণার শিকার হয়েছেন। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাকরি পেতে অসদুপায় অবলম্বনের জন্য আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।’এসআই জানান, এ ধরনের চিঠি পেয়ে চাকরিপ্রার্থীরা ভয় পেতেন। টাকা খোয়া গেলেও ভয়ে তাঁরা কোনো অভিযোগ করতেন না।