বিমানবাহিনীর ট্রাকের ধাক্কায় একজন নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়কে গতকাল বুধবার বেলা একটার দিকে বিমানবাহিনীর একটি ট্রাকের ধাক্কায় একজন রিকশাযাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।পুলিশ জানায়, বিমানবাহিনীর মৌলভীবাজারের শমশেরনগর ঘাঁটির ট্রাকটির (নম্বর ৯০১৫৫) পেছনের চাকার সঙ্গে আটকে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাযাত্রী ছিদ্রা বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অপর যাত্রী ছলাতুন্নেছা বেগম (৩৮) ও রিকশাচালক সজল রাউতিয়া (২৬) আহত হন। আহত সজলকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছিদ্রা বেগম শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা মো. মোখলিছ মিয়ার স্ত্রী।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বিমান বাহিনীর ট্রাকটিসহ চালক শ্রীমঙ্গলে র্যাব ক্যাম্পে আশ্রয় নেন। সেখান থেকে চালকসহ ট্রাকটি থানায় আনা হয়েছে।শ্রীমঙ্গল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন সরদার গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত ছিদ্রা বেগমের স্বামী মো. মোখলিস মিয়া মামলা করবেন না—মর্মে শ্রীমঙ্গল থানায় লিখিতভাবে জানালে আটক ট্রাকটি চালকসহ ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।