বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভারতীয় বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমানবাহিনীর ৭৮তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। যশোরে বিমানবাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি ক্যাডেটদের পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন ভারতীয় বিমানবাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভদৌরিয়া। তিনি বলেন, ইতিহাস বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রীর বন্ধনের স্বাক্ষর বহন করে। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের মাটিতে কিলো ফ্লাইটের জন্ম হয়, যা আজ একটি আধুনিক বিমানবাহিনীতে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামাজিক ও অর্থনৈতিক সুসম্পর্কের নিদর্শন স্বরূপ গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখ ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজগুলো বাংলাদেশের শিক্ষা খাতে অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান রাকেশ কুমার সিং বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম এবং বিমানবাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক তাঁকে স্বাগত জানান। অফিসার ক্যাডেট একাডেমি আন্ডার অফিসার মির্জা হাম্মাদ বিন শিহাব আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনীর বিভিন্ন প্রকার বিমানের সমন্বয়ে আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
এবারে একজন নারী অফিসার ক্যাডেটসহ মোট ২৬ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব ৭৮তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং অফিসার ক্যাডেট মো. সাকিব এহসান উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ লাভ করেন।
৭৮তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট সুমাইতা জামান নেহা ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব জেনারেল সার্ভিস প্রশিক্ষণ কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। এ ছাড়া ২ নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া।
সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতীয় বিমানবাহিনী প্রধান।
জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় বিমানবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।
এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার ঢাকায় আসেন। আগামীকাল তাঁরা ভারতে ফিরে যাবেন।