বিমানবাহিনীর সার্জেন্টসহ নিহত ৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট ও এক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুরের খামারপাড়া গ্রামের বাসিন্দা বিমানবাহিনীর সার্জেন্ট (ঢাকায় কর্মরত ছিলেন) আশরাফুল ইসলাম (৩৫), জয়পুরহাটের আক্কেলপুরের কদুরা গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার ক্যাশ কর্মকর্তা আতাউর রহমান (৫২), নওগাঁ সদরের হাজীপাড়া গ্রামের আনিসুর রহমান (৫২), কুনাইল গ্রামের আবদুল কদ্দুস (২৮) ও ঢাকার সাভারের ডগরমুড়া গ্রামের জমির আলী (৩৫)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ থেকে ডিপজল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে তিনটার দিকে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান, আবদুল কদ্দুস ও জমির আলী নিহত হন। এ সময় আহত ব্যক্তিদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশও তাঁদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম ও আতাউর রহমান মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন জানান, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।