বিমানমন্ত্রীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ, একজন আহত
রাজধানীর গুলশানে আজ শুক্রবার রাতে জাতীয় পার্টির মহাসচিব ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মো. সুজন (১৯) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গুলশান-২ এর ৪৪ নম্বর সড়কে বিমানমন্ত্রীর বাসার সামনে মোটরসাইকেল আরোহী কয়েক যুবক তিন-চারটি ককটেল ছুঁড়ে মারে। এর সব কটিই বিস্ফোরিত হয়। বোমাগুলোর একটি নিরাপত্তাকর্মী সুজনের মাথায় বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সময় বিমানমন্ত্রী বাসায় ছিলেন। বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত সুজন গুলশান-২ নম্বর এলাকার এক বাসার নিরাপত্তাকর্মী। থাকেন গুলশান-১ নম্বরের আরেকটি বাসায়। রাতে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন।
গত সোমবার ‘নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের’ মন্ত্রী হিসেবে রুহুল আমিন হাওলাদারসহ পাঁচজন শপথ নেন। পরে রুহুল আমিনকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।