বিমানযাত্রীর পিস্তল থেকে গুলি বেরিয়ে মেঝেতে বিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিমানবন্দরে ‘চেক ইনে’র সময় সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহর পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। গুলি মেঝেতে লেগে টাইলস সিটকে মেডিকেল কলেজের এক ছাত্রীসহ দুজন সামান্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ইউএস বাংলার ১৭২ নম্বর ফ্লাইটটি ৭৬ জন যাত্রী নিয়ে বেলা সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশে বরিশাল বিমানবন্দর ত্যাগ করে।
মঈন আবদুল্লাহ তাঁর মা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহান আরা বেগম, ছোট ভাই জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আবদুল্লাহসহ পাঁচজন ওই উড়োজাহাজে ঢাকা পৌঁছান।
বিমানবন্দরে ইউএস বাংলার ইনচার্জ সাইফুর রহমান জানান, যাত্রীরা ফ্লাইটে ওঠার সময় মালামাল জমা দিয়ে ‘চেক ট্যাগ’ নিচ্ছিলেন। এ সময় যাত্রী মঈন আবদুল্লাহ তাঁর পিস্তল জমা দেওয়ার আগে পরীক্ষা করার সময় একটি গুলি বের হয়ে যায়। এতে মেঝেতে লেগে টাইলস সিটকে দুই যাত্রী সামান্য আহত হন। এরপর তিনি পিস্তল জমা দিয়ে ফ্লাইটে ওঠেন। ঢাকা বিমানবন্দর থেকে যাত্রী তাঁর পিস্তল নিয়ে যান।
আবদুল্লাহ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন বলেন, মঈন আবদুল্লাহর হাতে থাকাবস্থায় পিস্তলের গুলি বের হয়নি। তাঁদের (বিমানবন্দরের কর্মী) হাতে জমা দেওয়ার পর গুলি বের হয়েছে। তবে এতে কেউ আহত হননি।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরের চেক ইনে পিস্তল জমা দেওয়ার সময় অ্যাকসিডেন্টাল ফায়ার হয়েছে। এতে বিমানবন্দরের টাইলস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। যাঁর পিস্তল তিনি দুঃখ প্রকাশ করেছেন।’