বিমানে অতিরিক্ত মাল বহনের অনুসন্ধানে নথি তলব দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটে জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে নথি-পত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম সম্প্রতি এ চিঠি পাঠান।

দুদক সূত্র জানায়, গত ৩ জুলাই শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল দশটায় বিমানের বিজি ০০১ নামের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। লন্ডনে অবতরণের পর পাইলট কার্গোর ওজন মাপলে হিসাবের অতিরিক্ত তিন হাজার ৩৩৪ কেজি মালামাল পাঠানোর বিষয়টি ফাঁস হয়। বিমানের কার্গো শাখা থেকে পাঠানো অতিরিক্ত ওই মালামালের পরিবহনের ভাড়া প্রায় এক কোটি টাকা, যা বিমানের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।
জানা গেছে, বিমানের ওই ফ্লাইটে ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক ও ক্যাপ্টেন নাদিম। যাত্রী ছিলেন ৪৯ জন। ফ্লাইট টেক অফ করার আগে ক্যাপ্টেন ইশতিয়াক লোড শিটে দেখতে পান, যে সংখ্যক যাত্রী ও কার্গো আছে তা খুবই স্বাভাবিক। তাতে জ্বালানি খুব বেশি পোড়ার মতো নয়। কিন্তু ওড়ার পর তিনি দেখতে পান, ওজনের বিপরীতে যে পরিমাণ জ্বালানি পোড়ার কথা, তার চেয়েও বেশি পুড়ছে। তাই হিথ্রো বিমানবন্দরে যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি ওই ফ্লাইটের কার্গো মালামাল ওজন করান। তখনই ধরা পড়ে অতিরিক্ত মালামাল পাঠানোর বিষয়টি।
এ বিষয়ে বিমানের অপারেশন ম্যানেজার আশরাফুল ঢাকায় বিমানের এমডির কাছে লেখা এক চিঠিতে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, লোড শিটের বাইরে জালিয়াতির মাধ্যমে কার্গো বহন করা শুধু বাণিজ্যিকভাবে বিমানকে ক্ষতিগ্রস্ত করেননি, এতে ওই ফ্লাইটের নিরাপত্তাও হুমকির মুখে ঠেলে দেওয়া হয়।
দুদকের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর বিমানের ক্যাপ্টেন ঢাকা থেকে দেওয়া হিসেবের চেয়েও যে অতিরিক্ত তিন হাজার ৩৩৪ কেজি কার্গো মাল পান সে সংক্রান্ত তথ্য ও রেকর্ড-পত্র নির্ধারিত সময়ের মধ্যেই দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে।
একই সময়ের মধ্যে যাত্রী ও কার্গো অনুযায়ী স্বাভাবিক জ্বালানি তেলের চেয়ে যে অতিরিক্ত তেল পুড়েছে তার তুলনামূলক হিসাব বিবরণী সংবলিত তথ্য ও রেকর্ড-পত্রের কপি চাওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ফ্লাইটে দায়িত্ব পালন করা ক্যাপ্টেন-পাইলট এবং কেবিন ক্রুসহ অন্য কর্মীদের নাম-ঠিকানা ও লোড শিটের কপি, কার্গো মালামাল পরিবহনে দায়িত্বপালনকারি, বিমানের নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারী, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং কার্গো শাখার কর্মকর্তা-কর্মচারীদের নাম-ঠিকানা চাওয়া হয়েছে।