বিমানে আন্তর্জাতিক ছয় রুটে ২০ শতাংশ ছাড়
পর্যটনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয়টি আন্তর্জাতিক রুটে ২০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে। এ ছাড়ে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিবিটিটিএফ) ’-এ পাওয়া যাবে। বিমানের এক বিবৃতিতে আজ সোমবার এ কথা বলা হয়। খবর বাসস
বিমানের বিবৃতিতে বলা হয়, যাত্রীদের, বিশেষত ভ্রমণ পিপাসুদের জন্য ছয়টি আন্তর্জাতিক রুটে ইকোনমি ক্লাসে ২০ শতাংশ মূল্য ছাড় দিতে পেরে বিমান আনন্দিত। রুটগুলো হলো—ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা। ২০ শতাংশ মূল্য ছাড়ে (রিটার্ন ভাড়া হবে) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৯ হাজার ৭৫০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৪ হাজার ২৭৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২২ হাজার ৫৪০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৮ হাজার ৬৫৫ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৭৮০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৭১৫ টাকা।
বিবৃতিতে আরও বলা হয়, টিকিট কেনার দিন থেকে অবশ্যই ৬ মাসের (১৮০ দিন) মধ্যে ওই বিদেশ ভ্রমণ করতে হবে। পাশাপাশি ‘বিবিটিটিএফ’ চলাকালে অন্যান্য ভাড়ার বাজার মূল্যের ওপর সাত শতাংশ মূল্য ছাড়ের অফার দিয়েছে বিমান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বিবিটিটিএফ ২২ এপ্রিল শেষ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই মেলার ‘টাইটেল স্পনসর’।