বিমানে আরও চার পদে রদবদল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গুরুত্বপূর্ণ আরও চারটি পদে রদবদল করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে নয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হলো।
বিমান সূত্র জানায়, আজ সোমবার এক নির্বাহী আদেশে চিফ অব ফ্লাইট সেফটি এ বি এম ইসমাইল, চিফ অব টেকনিক্যাল মো. হাসান ইমাম, ডেপুটি চিফ অব টেকনিক্যাল সৈয়দ মুনতাসিম মুনিম ও ডেপুটি চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ইলিয়াস নিক্সন বাড়ৈকে লাইন পাইলট হিসেবে বদলি করা হয়েছে। তাঁদের স্থলে নিয়োগ পেয়েছেন যথাক্রমে শোয়েব চৌধুরী, ফজল মাহমুদ চৌধুরী, মো. হাসিব এ ইসলাম ও এনায়েত রহমান চৌধুরী। ১০ মে থেকে এই বদলি আদেশ কার্যকর হবে।
এঁদের মধ্যে ইলিয়াস নিক্সন বাড়ৈকে ৫ মে ডেপুটি চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা ৮ মে থেকে কার্যকর হয়। এক দিনের মাথায় তাঁকে কেন বদলি করা হলো, এর কারণ জানা যায়নি।
এর আগে ৫ মে দুটি নির্বাহী আদেশে পাঁচটি পদে রদবদল করা হয়। পদগুলো হলো ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও), চিফ অব ট্রেনিং, ডেপুটি চিফ অব ট্রেনিং, ডেপুটি চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ও ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি।
এই রদবদলের বিষয়ে বিমানের কর্মকর্তারা কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, দীর্ঘ সাত বছর ধরে জামালউদ্দিন আহমেদ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকাকালে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা বিমানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন। তাঁদের কারও কারও ব্যক্তিস্বার্থে বা রোষানলে পড়ে অনেক দক্ষ কর্মী, বৈমানিক পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ আছে। গত মাসে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর বিমানে জামাল যুগের অবসান হয়। এক মাসের মাথায় এসে বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।