বিমানে এলে যাত্রীদের তথ্য সংগ্রহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয়হীনতার অভিযোগের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইবোলার সংক্রমণ ঠেকাতে মন্ত্রণালয়গুলোর মধ্যে আরও সমন্বয় বাড়ানো হবে। বিমানে এলে অভিবাসন ডেস্ককে তথ্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইবোলা সংক্রমণ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছে না বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিযোগ আগেই ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইবোলা সংক্রমণ ঘটেছে এমন দেশ থেকে আসা যাত্রীদের চিহ্নিত করার কাজটি বিমানবন্দরের অভিবাসন ডেস্ক সঠিকভাবে করছিল না। লাইবেরিয়া থেকে আসা কমপক্ষে ছয়জন ব্যক্তি কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশে ঢোকার খবরও বেরিয়েছে পত্রপত্রিকায়। এ ছাড়া বিমানবন্দরে সচেতনতামূলক ব্যানার-পোস্টার লাগানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক নয়। তাঁদের যুক্তি ছিল, ব্যানার-পোস্টারে বিমানবন্দরের সৌন্দর্য নষ্ট হবে। এ বিষয়গুলো স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হলে তিনি দুই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকটি চলে রাত সোয়া আটটা থেকে পৌনে ১০টা পর্যন্ত।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে তিনটিসহ সমুদ্র ও স্থলবন্দরে বেশ কয়েকটি থার্মালস্ক্যানার মেশিন বসানো হবে। ফলে কোনো আরোহী জ্বরে ভুগছেন কি না, সেটি পরীক্ষা করা সম্ভব হবে। এ ছাড়া বাংলাদেশে ঢোকার ২১ দিন আগে যাত্রী কোথায় কোথায় ছিলেন সে বিষয়ে অভিবাসন ডেস্ককে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য জানাতে মাইকিং করে যাত্রীদের অনুরোধ করা হবে। এর অংশ হিসেবে পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিলির সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইবোলার সংক্রমণ ঘটেছে এমন দেশ থেকে আসা ১৭০ জন যাত্রীর সঙ্গে জাতীয় ইবোলা প্রতিরোধ কমিটির সার্বক্ষণিক যোগাযোগ আছে। তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিদেশ থেকে আসা ব্যক্তির স্বাস্থ্য পর্যবেক্ষণে মেডিকেল টিম গঠনের নির্দেশনা চেয়ে রিট: ইবোলো ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পর্যবেক্ষণে মেডিকেল ও তদারক দল গঠনসহ কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক দুটি রিট করা হয়। আগামী সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আবেদনকারী আইনজীবীরা জানিয়েছেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ একটি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ অপর রিটটি করেন।