বিমানে কলকাতা গিয়েছেন নূর হোসেনের সঙ্গী সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর সঙ্গী খান সুমন বিমানে করেই কলকাতায় গিয়েছেন। খান সুমনের আইনজীবীদের উপস্থাপন করা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

পুলিশ সুমনকে কলকাতার কাছের বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার করে।

যদিও গত ১৫ ও ২৩ জুন এবং ৭ জুলাই নূর হোসেনের সঙ্গে খান সুমনকে আদালতে নেওয়ার পর খান সুমন সাংবাদিকদের সামনে বার বার দাবি জানিয়ে আসছিলেন, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে করে কলকাতায় যান। তিনি বসিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই খান সুমনের পক্ষে আইনজীবী তারক চন্দ্র দাস এবং অনুপ ঘোষ তাঁর পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট ইত্যাদির ফটোকপি সংযুক্ত করে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে একটি আবেদন করেন। হাকিম বিষয়টি তদন্ত করে আজ একটি প্রতিবেদন উপস্থাপন করার নির্দেশ দেন।

সে অনুযায়ী আজ আদালতে নূর হোসেনের মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। কিন্তু আদালত বিশেষ কারণে আজ ওই প্রতিবেদনের ওপর কোনো শুনানি করেননি। ১৪ জুলাই শুনানির দিন ধার্য করেন হাকিম।

জানতে চাইলে সুমনের আইনজীবীরা আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে জানান, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, সুমন খান ১০ জুন বিমানে করেই কলকাতা আসেন। তবে তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশ তাঁর কাছে ভারতে ঢোকার কোনো বৈধ কাগজপত্র পায়নি। ফলে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়। আইনজীবীরা প্রথম আলোকে আরও জানান, খান সুমনের পাসপোর্ট নাম্বার এ ই-০৭৯২৪২৮। ভিসা নম্বর ৬০০৯১৪৫৩। ভিসা ইস্যু তারিখ ১৭-০৪-১৪। মেয়াদ ছিল ১৬-১০-১৪ পর্যন্ত।