বিমানে খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক হাজার ৮৭১ জনকে খণ্ডকালীন এবং চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির সভায় এ প্রশ্ন তোলা হয়। কোন নীতিমালায় এবং কী কারণে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছে কমিটি। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ওই এক হাজার ৮৭১ জনের মধ্যে এক হাজার ৫১০ জন খণ্ডকালীন ও ৩৬১ জন চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।সভায় বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, হুইপ মুজিবুল হক, সৈয়দ মহসিন আলী, মঈনউদ্দিন খান বাদল, ফরিদুল হক খান, আসলামুল হক ও শেফালী মমতাজ উপস্থিত ছিলেন।সভায় বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ওই ফ্লাইট চালু এবং এ কাজে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় বিমানের রুট নেটওয়ার্কের আওতায় ঢাকার সঙ্গে অভ্যন্তরীণ গন্তব্য যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল এবং আন্তর্জাতিক গন্তব্য মুম্বাই, টোকিও, নারিতা, ইয়াংগুন, ফ্রাংকফুট, প্যারিস, আমস্টারডাম, ব্রাসেলস, ম্যানচেস্টার ও নিউইয়র্ক রুটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকার কারণ কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ২০ আসনের ছোট বিমান দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল সংযোগ চালুর পরামর্শ দেওয়া হয়। সভা শেষে কমিটির সদস্য মঈনউদ্দিন খান সাংবাদিকদের বলেন, কমিটির সুপারিশ ও সরকারের সিদ্ধান্ত সত্ত্বেও বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু করা হচ্ছে না। এ জন্য প্রয়োজনীয় দুটির একটি এয়ারক্রাফট আনা হলেও অন্যটি না পাওয়ার কারণে এ ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না বলে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন।