বিমানে চুক্তিভিত্তিক পাইলটদের পদোন্নতি প্রশিক্ষণে স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের বিতর্কিত প্রশাসনিক আদেশের ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পাইলটদের পদোন্নতি ও প্রশিক্ষণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আরবিট্রায়াল ট্রাইব্যুনাল। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। গতকাল সোমবার সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম ও কামাল উল আলম।ট্রাইব্যুনালে বিমানের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাপার পক্ষে আইনজীবী এ বি এম ছিদ্দিকুর রহমান খান মামলা পরিচালনা করেন।গত বছরের সেপ্টেম্বরে এক প্রশাসনিক আদেশ জারি করে অবসরপ্রাপ্ত কিছু পাইলটকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বিমান কর্তৃপক্ষ। এই চুক্তি নিয়মবহির্ভূত ও বাপার সঙ্গে চুক্তির খেলাপ দাবি করে তখন পাইলটরা কর্মবিরতি পালন করেছিলেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আন্দোলনের অবসান হয়। এরপর নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং-৭৭৭ চালনার প্রশিক্ষণের জন্য পাইলট পাঠানোর ক্ষেত্রেও এই নিয়ে সংকট দেখা দেয়। বাপার অভিযোগ, বিতর্কিত প্রশাসনিক আদেশের বিরুদ্ধে মামলা বিচারাধীন অবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি ও বোয়িং ৭৭৭ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছে বিমান। ইতিমধ্যে দুজনকে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়েছে।