বিমানে ত্রুটি, চট্টগ্রাম গিয়ে ফের ঢাকায় ফিরল ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের মিয়ানমারগামী একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রাম গিয়ে তা আবার ঢাকায় ফিরে আসে। ত্রুটি সারিয়ে পরে বিমানটি মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা করে।

আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন রুটের বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটটি ৩৮ জন যাত্রী নিয়ে বেলা দেড়টার দিকে উড্ডয়ন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে অবতরণ করার পর বেলা পৌনে তিনটার দিকে ফ্লাইটটি ঢাকায় চলে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ প্রথম আলোকে বলেন, বিমানটি ওড়ার পর পাইলট তাঁর কেবিনে বাতাসের চাপ কম পাচ্ছিলেন। এ কারণে নিরাপত্তার খাতিরে তিনি বিমানটি চট্টগ্রামে অবতরণ করেন। পরে ঢাকায় এসে ত্রুটি সংশোধন করে বিকেল পাঁচটার দিকে তা আবার ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়।

শাকিল মিরাজ আরও বলেন, এটি বড় কোনো দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটি নয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা ভেবে আগাম সতর্কতা হিসেবে বিমানটি ফিরে এসেছিল।