বিমানে ত্রুটির মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় করা মামলায় আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই আদেশ দেন।
আজ এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলাটি তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) বিভাগ। আজ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ওই বছরের ১৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। পরে ২০ ডিসেম্বর বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ নয়জনকে আসামি করে এ মামলা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। প্রত্যেককেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।