বিমানে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদককে অনুরোধ জানাবে সংসদীয় কমিটি
বাংলাদেশ বিমানে দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ জানাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। দুর্নীতির অভিযোগসংক্রান্ত কমিটির পাওয়া তথ্যাদিও দুদকের কাছে পাঠানো হবে।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।সংসদীয় কমিটির তদন্ত শুরু করার পর কেন দুদককে তদন্ত করতে বলা হচ্ছে, এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল বলেন, ‘বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর এসেছে, সংসদীয় কমিটির সদস্যরা বিমানের কাজে হস্তক্ষেপ করে। কমিটির সদস্যরা বিশেষ একটি এয়ারলাইনসের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ উঠেছে। এ কারণেই কমিটি চায় অভিযোগগুলো দুদক তদন্ত করে দেখুক। ওই তদন্তের পরই বোঝা যাবে কারা কার জন্য কাজ করেছে।’সম্প্রতি বিমান কর্তৃপক্ষ এয়ার আটলান্টা আইসল্যান্ডিক থেকে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ এক বছরের জন্য ভাড়ায় এনেছে। এ ভাড়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে সংসদীয় কমিটি অভিযোগ পেয়েছে। এ ছাড়া ওমানে বিমানের টিকিট বিক্রিসহ বিভিন্ন খাতে গত দুই অর্থবছরে ১০ কোটি টাকার অনিয়ম-দুর্নীতি ধরা পড়েছে সরকারি নিরীক্ষায়। তার পরও বিমান কর্তৃপক্ষ সেখানকার জেনারেল সেলস এজেন্টের (জিএসএ) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ দুটি ঘটনায় সংসদীয় কমিটি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এ জন্য গত ৮ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সভায় হুইপ মুজিবুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির সুপারিশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা বিমান কর্তৃপক্ষ অমান্য করছে। তিনি বলেন, আইন অনুযায়ী, ২০ বছর বা ততোধিক পুরোনো উড়োজাহাজ আনার সুযোগ নেই। কিন্তু এয়ার আটলান্টা থেকে ভাড়া করা উড়োজাহাজটি ঢাকায় আসার এক সপ্তাহ পর সেটির বয়স ২০ বছর হয়েছে।’লোকসানের জন্য দায়ী অদক্ষ ব্যবস্থাপনা: সূত্র জানায়, কমিটির গতকালের সভায় বিমানের ক্রমাগত লোকসান নিয়েও আলোচনা হয়। কমিটি মনে করে, বিমানের অদক্ষ ব্যবস্থাপনাই লোকসানের কারণ। বিমানের পরিচালনা বোর্ড সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় লোকসানের পরিমাণ দিন দিন বাড়ছে। বিমান গত অর্থবছরে ১৯৫ কোটি টাকা লোকসান দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিমানের অব্যবস্থাপনার কারণে দেশীয় যাত্রীরা বিদেশি বিমান সংস্থায় ভ্রমণ করছেন। ফলে বিমানে আয় কমছে। তিনি অভিযোগ করেন, ‘মন্ত্রণালয়ের অধীনে একটি কোম্পানি হওয়া সত্ত্বেও বিমানের পরিচালনা বোর্ড একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে বিমানের ক্ষতি বাড়ছে।’মোশাররফ হোসেনের সভাপতিত্বে গতকালের সভায় কমিটির সদস্য বিমানমন্ত্রী জি এম কাদের, মঈন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী ও শেফালী মমতাজ অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।