বিমানে বয়স বৃদ্ধির প্রশাসনিক আদেশ বেআইনি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়জন বৈমানিকের বয়স বৃদ্ধি-সংক্রান্ত দুই বছর আগে জারি করা বিমানের ‘বিতর্কিত প্রশাসনিক আদেশ’কে বেআইনি ঘোষণা করেছেন আরবিট্রেশন ট্রাইব্যুনাল।গতকাল রোববার বিচারপতি তাফাজ্জাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আরবিট্রেশন ট্রাইব্যুনাল এই রায় (রোয়েদাদ) দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম ও ব্যারিস্টার কামালুল আলম।এই রায়ের ফলে ওই ছয়জন বৈমানিককে বিমান থেকে অব্যাহতি দিতে হবে বলে জানিয়েছেন বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা। এর মধ্যে বিমানের বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিনও রয়েছেন। বাকি পাঁচজন হলেন: ক্যাপ্টেন আশরাফ খান, ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, ক্যাপ্টেন এস রহমান, ক্যাপ্টেন সেলিম ও ফার্স্ট অফিসার আবদুর রহিম।গত রাতে জানতে চাইলে বিমানের ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) ক্যাপ্টেন ইশরাত আহমেদ প্রথম আলোকে বলেন, বিমান কর্তৃপক্ষ আরবিট্রেশন ট্রাইব্যুনালের রায়ের কপি আনুষ্ঠানিকভাবে পায়নি। তাই এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।তবে বিমানের অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই রায়ের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ আপিল করবে।বিমান সূত্র জানায়, ২০১০ সালের ৯ সেপ্টেম্বর বিমান কর্তৃপক্ষ এক প্রশাসনিক আদেশ জারি করে ছয়জন বৈমানিকের চাকরির বয়স পাঁচ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬২ বছর করে। বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তারাসহ অধিকাংশ বৈমানিক এই আদেশের বিপক্ষে অবস্থান নেন। তাঁদের অভিযোগ ছিল, ওই প্রশাসনিক আদেশ বিমান ও বাপার করা চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অসম্মানজনক।এই আদেশ বাতিলের দাবিতে বৈমানিকেরা ওই বছরের ২২ অক্টোবর থেকে কর্মবিরতিতে গেলে বিমানে অচলাবস্থার সৃষ্টি হয়। সাত দিন পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বৈমানিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। তখন বিমান কর্তৃপক্ষ বাপার তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম বাসিত মাহতাব, ক্যাপ্টেন এস এম হেলাল, ক্যাপ্টেন মাকসুদ, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন শাহ আলম, ক্যাপ্টেন ইশতিয়াকসহ সাত বৈমানিককে সাময়িক বরখাস্ত করে। একই সঙ্গে পরিচালক (প্রকৌশল) আসাদুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি করে। এরই মধ্যে সাতজন বৈমানিক আদালতের আশ্রয় নেন। তাঁদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরের বয়সসীমা বাড়ানো-সংক্রান্ত প্রশাসনিক আদেশের কার্যকারিতা স্থগিত করেন। কিন্তু বিমান কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। পরে ২০১০ সালের ২৫ অক্টোবর আপিল বিভাগও চেম্বার বিচারপতির স্থগিতাদেশ বহাল রাখেন। একই সঙ্গে উভয় পক্ষকে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়।পরে আদালতের নির্দেশে বিমানের সঙ্গে বাপার চুক্তি অনুসারে আরবিট্রেশন ট্রাইব্যুনালে যায় বিষয়টি। কয়েক দফা শুনানি শেষে প্রায় দেড় বছর পর গতকাল ট্রাইব্যুনাল আন্দোলনকারী বৈমানিকদের পক্ষে রায় বা রোয়েদাদ (অ্যাওয়ার্ড) দেন।ট্রাইব্যুনালে বিমানের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বিমানের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান এবং এ এম আমিন উদ্দিন।সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের এই রায়ের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই প্রশাসনিক আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে গৃহীত কার্যকমও বেআইনি ঘোষণা করা হয়। অর্থাৎ ওই প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আন্দোলনের জন্য যেসব বৈমানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, তা-ও বেআইনি ঘোষিত হলো।