বিমানে যুক্ত হচ্ছে তিনটি ড্যাশ-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন তিনটি ড্যাশ-৮ কেনার জন্য চুক্তি সই অনুষ্ঠান। সচিবালয়, ঢাকা, ১ আগস্ট। ছবি: বাসস
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন তিনটি ড্যাশ-৮ কেনার জন্য চুক্তি সই অনুষ্ঠান। সচিবালয়, ঢাকা, ১ আগস্ট। ছবি: বাসস

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন তিনটি ড্যাশ-৮ কেনার জন্য চুক্তি সই হয়েছে। কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার ইনকরপোরেশনের কাছ থেকে এ বিমান কেনা হচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কানাডার বোম্বার্ডিয়ারের সঙ্গে এ চুক্তি করেছে বাংলাদেশ বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদ ও কানাডিয়ান বোম্বার্ডিয়ার করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ল মার্কিটি ক্রয় চুক্তিতে সই করেন।

২০১৫ সালে ৬ এপ্রিল কানাডার কমার্শিয়াল করপোরেশনের টার্বো প্রব বিক্রয়ের প্রস্তাব দেয় বিমানকে। ২০১৬ সালের ১৫ নভেম্বর অর্থনৈতিক বিষয়ে সরকারি ক্রয় কমিটিতে এ উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিমান তিনটি ২০২০ সালের মার্চ, মে ও জুন মাসে হস্তান্তর করার কথা রয়েছে। জিটুজি চুক্তির মাধ্যমে উড়োজাহাজগুলো সরবরাহ করবে কানাডা সরকার। অভ্যন্তরীণ রুটসহ ইয়াঙ্গুন, কলকাতার মতো রুটে এগুলো চলবে। প্রতিটি উড়োজাহাজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩৩ দশমিক ৪ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে বিমানমন্ত্রী শাহজাহান কামাল বলেন, জাতীয় পতাকাবাহী বিমানকে আকাশে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিমানের সেবার মান বৃদ্ধিসহ এর বহরে নতুন নতুন এয়ারক্রাফট সংযোজন করা হচ্ছে।

এ সময় বেসামরিক বিমান ও পর্যটনসচিব মহিবুল হক, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারি, বোম্বার্ডিয়ারের রিজিওনাল ডিরেক্টর রব বারডিকিন উপস্থিত ছিলেন।