বিমানে লোকসানের কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গত অর্থবছরে ৮০ কোটি টাকা লোকসানের কারণ জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী এক মাসের মধ্যে কমিটিতে এ লোকসানের কারণসংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ, খালেদুর রহমান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল ও বজলুল হক। সভায় বিমানের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরেও বিমান লাভজনক অবস্থানে ছিল বলে কমিটিকে জানানো হয়েছে। কিন্তু পরের অর্থবছরেই কেন এই বিশাল অঙ্কের টাকা লোকসান হলো, তা কমিটি জানতে চেয়েছে।’ তিনি বলেন, সভায় বিমানের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে ত্রৈমাসিক প্রতিবেদন এবং একই সঙ্গে আয় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য থাকলে তার কারণ সংসদীয় কমিটিতে জানাতে বলা হয়েছে। বিমানের কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্যই কমিটি এ সুপারিশ করেছে। একই সঙ্গে বিমানের পারফরম্যান্স চার্ট তৈরি করতেও বলা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটনসচিব আতাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সভায় যোগ দেন।