বিমানে ২৬ হাজার হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ অপারেশন-২০১৩ কার্যক্রমের আওতায় এ বছর নির্ধারিত ৮৮ হাজার ৯১১ জন হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৫৪১ হজযাত্রী ১৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন।এর মধ্যে ২৬ হাজার ৩১ জন হজযাত্রী আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৬টি ডেডিকেটেড ও ১৬টি শিডিউল ফ্লাইটে জেদ্দায় পৌঁছান।

বাকি ২৬ হাজার ৫১০ জন হজযাত্রী সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে জেদ্দা পৌঁছেছেন।আগামী ৯ অক্টোবর পর্যন্ত হজ-পূর্ব ফ্লাইটে মোট ৪৫ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনে বিমানে জেদ্দায় যাবেন।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের সহব্যবস্থাপক তাছমিন আকতারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে সাতটি হজ ফ্লাইটের মধ্যে ইতিমধ্যেই চারটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত আরও তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য পরিচালিত দুটি ফ্লাইটের মধ্যে প্রথম ফ্লাইটটি ১৯ সেপ্টেম্বর পরিচালনা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর সিলেট থেকে দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

আগামী ১৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।