বিমানের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি উড়োজাহাজ (ড্যাশ-৮ কিউ ৪০০) বিকল হয়ে পড়ায় গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি অভ্যন্তরীণ গন্তব্যের প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত ইঞ্জিন মেরামতের জন্য একটি ড্যাশ-৮ উড়োজাহাজ আগে থেকে প্রকৌশল হ্যাঙ্গারে রয়েছে। অপরটির ইঞ্জিনে গত মঙ্গলবার হঠাৎ সমস্যা দেখা দেয়। ফলে মঙ্গলবারও অভ্যন্তরীণ গন্তব্যের একাধিক ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে এসব ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বিমান কর্তৃপক্ষ বলছে, ওই উড়োজাহাজ দুটির একটি গতকাল বিকেলে সচল হয়েছে। রাতের মধ্যে অপরটিও সচল করার চেষ্টা রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ গন্তব্যে পূর্বসূচি অনুযায়ী ফ্লাইট চলবে বলে তারা আশাবাদী।

বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাসমিম আক্তার প্রথম আলোকে বলেন, ড্যাশ-৮ উড়োজাহাজের একটি সচল হয়েছে। সেটি দিয়ে গতকাল সকালে কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করা হয়। এরপর সেটি দিয়ে বিকেলে মিয়ানমারের ইয়াঙ্গুনে ফ্লাইট পরিচালনা করা হয়। তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট ছাড়াও বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।