বিমানের এমডি হচ্ছেন কেভিনের বন্ধু কাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন স্টিলের বন্ধু কাইল হেউডকে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হচ্ছে। তিনিও ব্রিটিশ নাগরিক। তিনি এর আগে পূর্ব আফ্রিকার খুবই ছোট দুটি বিমান সংস্থায় অল্প সময়ের জন্য এমডি ছিলেন। তবে কোথাও এক বছরের বেশি টিকতে পারেননি।
বিমানের পরিচালনা পর্ষদের একটি সূত্র জানিয়েছে, পর্ষদের শীর্ষ পর্যায়ের একজনের ইচ্ছায় উচ্চ বেতনে কাইল হেউডকে এমডি করা হচ্ছে। একই ব্যক্তির ইচ্ছায় তাঁর ছেলের ঘনিষ্ঠ কেভিন স্টিলকে এর আগে আনা হয়েছিল। তিনি এক বছরের মাথায় গত ১৭ এপ্রিল চাকরি ছেড়ে চলে যান। এখন সেই কেভিনের পরামর্শে তাঁর পুরোনো সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু কাইল হেউডকে আনা হচ্ছে।
সংশ্লিষ্ট হিসাব শাখার একটি সূত্র জানায়, এখন পর্যন্ত আলাপ-আলোচনায় কাইলের যে বেতন-ভাতা ধরা হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকার মতো। আগামী মাসে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার প্রথম আলোকে বলেন, কাইল হেউডের বেতন-ভাতা কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কাইলের সঙ্গে চুক্তি হবে। এরপর তা পরীক্ষা-নিরীক্ষা করে পরিচালনা পর্ষদে পাঠানো হবে অনুমোদনের জন্য।
গত বছরের ১৮ মার্চ ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিলকে বিমানের এমডি নিয়োগ দেওয়া হয়। তিনি মাসে প্রায় ১৯ লাখ টাকা বেতন, সঙ্গে পাঁচতারা হোটেলে থাকাসহ অন্যান্য সুবিধা পেতেন। দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক করার ঘোষণা দিয়ে কেভিন দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আরও লোকসানে ফেলে এক বছর পর তিনি চাকরি ছেড়ে চলে যান। এরপর শূন্য পদ পূরণের জন্য বিমান কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিলে দেশি-বিদেশি ৪০ জন আবেদন করেন। এঁদের ২৬ জন বিদেশি ও ১৪ জন বাংলাদেশি। কিন্তু বিমানের পরিচালনা পর্ষদ তিনজন বিদেশি আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করে এবং কেইলকে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
বিমানের পরিচালক ও মহাব্যবস্থাক পদমর্যাদার একাধিক কর্মকর্তা জানান, কেইল এক সময় কেভিনের সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজে চাকরি করেছেন। তিনি সেখানে ব্যবস্থাপক (ম্যানেজার) পদে ছিলেন। এরপর তিনি ইতিহাদ, এমিরেটস, এয়ার আরাবিয়া, গালফ এয়ারসহ বিমান সংস্থায় চাকরি করেন। কোথাও বেশি দিন টিকতে পারেননি। কেইল জীবনে প্রথম এমডি পদে নিয়োগ পান এয়ার উগান্ডায়। যার বহরে মাত্র তিনটি উড়োজাহাজ আছে, যা এখন বন্ধ। তিনি গত বছর তাঞ্জানিয়ার সদ্য চালু হওয়া ফাস্টজেট এয়ারে (বহরে তিনটি ছোট উড়োজাহাজ) যোগ দেন। এক বছর না যেতেই তা ছেড়ে দেন। এমন ব্যক্তিকে এনে বাংলাদেশ বিমান কতটা লাভবান হবে, এ নিয়ে ব্যক্তিগত আলাপে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করলেও কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।