বিমানের এমডিসহ চারজনকে হাইকোর্টে তলব
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদসহ চার কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। ২২ জুলাই তাঁদের সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।বাকি তিন কর্মকর্তা হলেন: বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার, পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. শাহনেওয়াজ ও ব্যবস্থাপক (আইন শাখা) আজরা নাসরিন রহমান। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ রুল ও আদেশ জারি করেন। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, বিমানের স্বেচ্ছা-অবসর কর্মসূচির মাধ্যমে চাকরিচ্যুতদের রিটের পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ হাইকোর্ট রায় দেন। তাতে চাকরিচ্যুতদের ৬০৮টি অনুমোদিত শূন্য পদের বিপরীতে নতুন করে নিয়োগ দিতে বিমান কর্তৃপক্ষকে বলা হয়। কিন্তু বিমান কর্তৃপক্ষ এসব শূন্য পদে অন্যদের পদোন্নতি দিতে গত ৫ জুলাই টেলেক্সযোগে দাপ্তরিক নোটিশ দেয়। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে ভিআরএসে চাকরিচ্যুত দুজন কর্মকর্তা হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। পরে আদালত রুল জারি করেন। রুল বিচারাধীন থাকা অবস্থায় ৫ জুলাইয়ের ওই নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন আদালত।আবেদনের পক্ষে শুনানিতে আহসানুল করিমের সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন ও টাইতাস হিল্লোল রেমা।বিমান সূত্র জানায়, আদালতের রায় পেয়ে ভিআরএসে চাকরিচ্যুতদের মধ্যে তিন শতাধিক কর্মী ইতিমধ্যে শূন্য পদে নিয়োগ পেতে আবেদন করেছেন। অপরদিকে ৫ জুলাইয়ের নোটিশ অনুসারে গতকাল ও আজ মঙ্গলবার পদোন্নতি পরীক্ষা হওয়ার কথা।