বিমানের এমডিসহ দুজনকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও এক বৈমানিককে ১১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই দুই কর্মকর্তা হলেন: ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম ও বৈমানিক এনামুল হক। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী রিয়াজ উদ্দিন খান। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও আদিতা আফরোজ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আবেদনে বলা হয়, গত ২৮ অক্টোবর হাইকোর্টের একজন বিচারপতি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান। ভ্রমণের আগের দিন বিমানের সদর দপ্তর থেকে ওই বিচারপতির টিকিট ইকোনমিক ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে দেওয়া হয়। এ-সংক্রান্ত বার্তা বিমানবন্দরে আগের দিন পাঠানো হয়। কিন্তু ওই দিন বিমানের ফ্লাইটের (বিজি-০৮৪) সংশ্লিষ্ট কর্মকর্তা ওই বিচারপতিকে বিজনেস ক্লাসের আসনে বসিয়ে দেন। এরপর বিমানের ক্যাপ্টেন ও ক্রুরা ওই বিচারপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।