বিমানের কাজে স্বচ্ছতা নেই: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, বাংলাদেশ বিমানের কাজে স্বচ্ছতা ও জাবাবদিহি নেই। প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে নিতে হলে সরকারের কাছে এর জাবাবদিহি নিশ্চিত করতে হবে। সে জন্য আইনি কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার।গতকাল মঙ্গলবার রংপুর বিভাগ সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।জি এম কাদের বলেন, বিমান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু এর পরিচালনা পর্ষদকে ভাবতে হবে বিমান দেশের জনগণের সম্পদ। এখানে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা চলতে পারে না। তিনি বলেন, ‘আমাদের কাছে বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। আইনি সীমাবদ্ধতার কারণে এসব বিষয়ে আমরা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না।’বিমানমন্ত্রী বলেন, ‘বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের কথা আমলে নেয় না। এর দুটো উদাহরণ হলো, আমরা দ্রুত ঢাকা-নিউইয়র্ক গন্তব্যে ফ্লাইট চালু করতে বলেছিলাম। এটা জনগণের দাবি ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। কিন্তু তারা নানান অজুহাতে আমাদের অনুরোধ এড়িয়ে গেছে। আমরা বন্ধ হয়ে যাওয়া অভ্যন্তরীণ গন্তব্যগুলো চালুর জন্য বলেছিলাম। সে অনুরোধও তারা রাখেনি।’ তিনি বলেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবেই থাকবে। তবে সরকারের সঙ্গে এর দূরত্ব কমাতে হবে। সে জন্য এর আইনি কাঠামোতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আগে রংপুর বিভাগ সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালানোর জন্য সরকার বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা এ জন্য কিছু ছোট উড়োজাহাজ কিনবে। সরকার তাদের কিছু সুযোগ-সুবিধা দেবে। সে ক্ষেত্রে সৈয়দপুরসহ দেশের আরও কিছু এলাকা থেকে বিমান যোগাযোগ আবার চালু করা যাবে। আবদুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী ও জাকির হোসেন।