বিমানের কার্গোর সহকারীসহ আশুলিয়ায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার জিরাব ও নবীনগর এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এদের একজনকে শ্বাসরোধ করে এবং অপরজনকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।নিহত ব্যক্তিদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বাংলাদেশ বিমানের কার্গোর সহকারী আবুল কাশেম (৪০)। গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। থাকতেন আশুলিয়া বাজারের কাছে বঙ্গবন্ধু সড়কে। অপরজন অজ্ঞাত, ৩৫ বছরের যুবক। আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে পুলিশ জিরাব এলাকার আমান স্টিল মিলের কাছ থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করে। তাঁর পরিচয়পত্রে তিনি বিমানের কার্গো সহকারী বলে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে গতকাল বেলা ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জালালাবাদ হাউজিংয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির পাশে এক অ্যাম্পুল পেথিডিন ও একটি সিরিঞ্জ পাওয়া গেছে।