বাংলাদেশ বিমানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি ওমানে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ-সম্পর্কিত অনিয়মের অভিযোগ তদন্তের জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠাবে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কমিটি এ পর্যন্ত যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন হলে বিমানকে সংকটে পড়তে হতো না।সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মঈন উদ্দীন খান, ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, আসলামুল হক, শেফালী মমতাজ অংশ নেন। এ ছাড়া বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ নাসির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকের একপর্যায়ে কমিটির একজন সদস্য বলেন, বিমানের আগের এমডি জাকীউল ইসলাম পরিচালনা পর্ষদের হস্তক্ষেপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেননি। বিমানমন্ত্রী ফারুক খান বলেন, নতুন এমডিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে বিমানকে গতিশীল করা যায়, সেই বিষয়ে এমডিকে স্বাধীনভাবে কাজ করতে হবে। সংসদীয় কমিটির পক্ষ থেকেও এমডিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা বলা হয়। এরপর নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে বিমানের পরিচালনা পর্ষদকে কী ক্ষমতা দেওয়া হয়েছে, তা তুলে ধরেন চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ। এতে জামালউদ্দিন তীব্র সমালোচনার মুখে পড়েন। কমিটির সদস্যরা তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেন, জাতীয় সংসদের কোনো সিদ্ধান্তকে অবজ্ঞা বিমানের চেয়ারম্যান করতে পারেন না। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে তাঁর বিরুদ্ধে গণশুনানির সিদ্ধান্ত হয়।মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন, ‘বিমানের সংকটের জন্য চেয়ারম্যান কোনোভাবে নিজের দায় এড়াতে পারেন না। তাঁকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। তিনি যদি নিজেকে স্বাধীন মনে করেন, ভুল করছেন। বিমানকে সংসদীয় কমিটির প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।