রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুসরণ না করে বিমানের টিকিট আপগ্রেডের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অব্যবস্থাপনা দূর করতে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন।গতকাল বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানির পর এ রায় দেন। রিট আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমান ২০০৯ সালের মার্চে পরিচালনা পরিষদের এক সভায় টিকিট আপগ্রেডেশন নিয়ে একটি সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত নভেম্বরে রিট আবেদনটি করা হয়। রিট আবেদনকারী সূত্রে জানা যায়, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ না করে সেখানে ১৩ নম্বরে থাকা ব্যক্তিদের টিকিট বিনা টাকায় ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ নম্বরে সাংসদেরা রয়েছেন। তবে সিদ্ধান্তে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এগিয়ে থাকা অন্য সাংবিধানিক পদাধিকারীদের বিষয়ে বলা হয়নি।