বিমানের ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইট। গত সোমবার বিকেলে উদ্বোধনী ফ্লাইটটি (বিজি-০৬০) ঢাকা থেকে ছেড়ে যায়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সপ্তাহে দুই দিন—প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমানের ফ্লাইট চলাচল করবে। এ দুই দিন বিকেল সোয়া চারটায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে এবং ইয়াঙ্গুনে পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। একই দিন স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় ফিরতি ফ্লাইট ইয়াঙ্গুন ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত পৌনে নয়টায়।
গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল বলেন, বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মিয়ানমার এখন পর্যটন, ব্যবসা ও বিনিয়োগের একটি চমৎকার স্থানে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ বিমান এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য এগিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘আশা করছি, অদূর ভবিষ্যতে বিমানের আরও ফ্লাইট আরও অনেক গন্তব্যের সঙ্গে যুক্ত হবে।’ উদ্বোধনী ফ্লাইটে বিমানের এমডি কেভিন স্টিল, চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্টদের একটি দল ইয়াঙ্গুনে যান। উদ্বোধনী ফ্লাইটটি ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের সে দেশের চিফ মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস মিয়ানমারে প্রথম ফ্লাইট চালু করে ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি। এরপর তা টানা তিন দশক পর্যন্ত চালু ছিল। পরবর্তী সময়ে উড়োজাহাজ সংকটের কারণে ২০০৬ সালের ২৯ অক্টোবর এ গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিত করে বিমান। ইয়াঙ্গুন ছাড়াও বাংলাদেশ বিমান প্রাচ্য ও দূরপ্রাচ্যে—সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং ও কুয়ালালামপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।